হাইকোর্টে আপনার অধিকার ও প্রতিকার (পর্ব-৩)
পর্ব-৩:
আমরা সবাই জানি যে, সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা আছে- আইনের কাছে সবাই সমান এবং সবাই সমানভাবে আইনের আশ্রয় লাভের অধিকারী (Article- 27: All citizens are equal before law and are entitled to equal protection of law.)। এখন কোন আইন যদি আপনাকে সমান অধিকার বা সমান প্রটেকশন না দেয় তাহলে কিভাবে আপনি এই সমান অধিকার বা সমান প্রটেকশন নিশ্চিত করবেন। আপনি মাহামান্য হাইকোর্টে আসবেন, রিট পিটিশন দায়ের করবেন। হাইকোর্টের কাছে বৈষম্য প্রতিয়মান হলে আদেশ জারী করে সমান অধিকার বা সমান প্রটেকশন বিধান করবেন।
এই যে, আইনের কাছে সবাই সমান, এই আইন বলতে কি বুঝায়? সংবিধানের ১৫২ অনুচ্ছেদে বলা আছে আইন হল- কোন ‘এ্যাক্ট’ যা সংসদে পাশ হয়- তাকে আইন বলা হয়। কোন ‘অর্ডিন্যণ্স’ যা প্রেসিডেন্ট জারী করে- তাকে আইন বলা হয়। আইনের অধিনে কোন বিধি, বিধান, আদেশ কে আইন বলা হয়। প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি যা নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ বা সরকারী-আধাসরকারী কোন প্রতিষ্ঠান কর্তৃক জারী করা হয়- সেগুলোও আইন। এখন আপনি যদি এই act, ordinance, order, rule, regulation, bye law, notification দ্বারা সমানভাবে বিবেচিত না হন কিংবা সমানভাবে আইনের আশ্রয়/প্রটেকশন না পান তাহলে আপনি কোথায় যাবেন? এই হাইকোর্টে আসবেন। রিট পিটিশন দায়ের করবেন। হাইকোর্টের কাছে যদি এটি প্রতিয়মান হয় যে, আপনি আইনের সমান প্রটেকশন/আশ্রয় পান নি কিংবা আইনের কাছে আপনি সমানভাবে বিবেচিত হন নি, তাহলে হাইকোর্ট বিভাগ act, ordinance, order, rule, regulation, bye law, notification কে অসাংবিধানিক ও অবৈধ ঘোষনা করে দিতে পারেন।
উদারহরণ-১: সরকারী-আধাসরকারী চাকুরীতে নিয়োগ, পদন্নতি, অপসারণের ক্ষেত্রে আপনি একই ক্যাটাগরির সবার সাথে সমানভাবে বিবেচিত হননি কিংবা সমান অধিকার পান নি। বৈষম্যের শিকার হয়েছেন। তাহলে আইনের কাছে সমানভাবে বিবেচিত হওয়ার জন্য বা সমান অধিকার লাভের জন্য আপনি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করবেন। হাইকোর্টের কাছে যদি প্রতিয়মান হয় যে, আপনি বৈষম্যের শিকার হয়েছেন, তাহলে হাইকোর্ট বিভাগ আদেশ জারী করে আপনার অধিকার নিশ্চিত করবেন।
উদারহরণ-২: সরকারী ও আধাসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ভর্তি, শিক্ষক নিয়োগ, পদন্নতি ও অপসারণের ক্ষেত্রে আপনি যদি সমানভাবে বিবেচিত না হন, সমান অধিকার না পান, বৈষম্যের শিকার হন। তাহলে আপনি আপনার এই অধিকার কিভাবে ফিরে পাবেন। ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন? জজ কোর্টে যাবেন? না-কি আপিল বিভাগে যাবেন? না, আপনি হাইকোর্টেই প্রথমে আসবেন, রিট করবেন। আপনার এই নাগরিক অধিকাররের রক্ষকই হচ্ছে- মহামান্য হাইকোর্ট বিভাগ। হাইকোর্টের কাছে যদি প্রতিয়মান হয় যে, আপনি বৈষম্যের শিকার হয়েছেন, তাহলে হাইকোর্ট বিভাগ আদেশ জারী করে আপনার অধিকার প্রতিষ্ঠা করবেন।
উদারহরণ-৩: আপনি যে ধরনের ব্যবসা করছেন সেই একই ক্যাটাগরির ব্যবসার ক্ষেত্রে কোন বিধি-বিধান অথবা সরকারের কোন পদক্ষেপের কারণে আপনি বৈষম্যের শিকার হয়েছেন। তাহলে আপনি সেই বৈষম্য, বিধি-বিধান বা পদক্ষেপের বিরুদ্ধে প্রতিকার পেতে আপনি মহামান্য হাইকোর্টে আসবেন, রিট পিটিশন দায়ের করবেন। হাইকোর্টের কাছে যদি প্রতিয়মান হয় যে, সেই বিধি-বিধান বা পদক্ষেপের ফলে বৈষম্যের শিকার হয়েছেন, তাহলে হাইকোর্ট বিভাগ আদেশ জারী করে সেই বিধি-বিধান বা পদক্ষেপকে অবৈধ ও অসাংবিধানিক হিসাবে ঘোষণা করবেন।
মোঃ কামরুজ্জামান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
এবং
মৌলিক অধিকার কর্মী